সারা বাংলা
মালয়েশিয়া নেয়ার কথা বলে ২৮ জনকে কক্সবাজারের সৈকতে ফেলে পালায় দালাল চক্র

কক্সবাজারে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের নামে সাত দিন ধরে জিম্মি রেখে মুক্তিপণ আদায়কারী চক্রের দালালদের সাথে সংঘর্ষের পর সৈকতে ভেড়ানো একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন শিশু, ২ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে এবং কাউকে রাস্তা ও কর্মস্থল থেকে অপহরণ বা চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফের গোপন আস্তানায় নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল পাচারকারী চক্রের সশস্ত্র সদস্যরা। একপর্যায়ে টেকনাফ উপকূল থেকে ছোট ট্রলারে করে গভীর সাগরে অবস্থান করা একটি বড় ট্রলারে তাদের তোলা হয়। টেকনাফ থেকে যাত্রা শুরুর পর প্রায় সাত দিন ধরে সাগরে ভাসছিলেন তারা। এ সময় ট্রলারের কোল্ড স্টোরেজে জিম্মি রেখে নির্যাতন চালিয়ে স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে আসছিল পাচারকারীরা।
শুক্রবার রাতেও ভুক্তভোগীদের ওপর নির্যাতন শুরু করে চক্রের সদস্যরা। এ সময় এক ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অন্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে জীবন বাঁচাতে উপায়ান্তর না দেখে ভুক্তভোগীরা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে ট্রলারের পেছনে বেঁধে রাখা স্পিডবোট নিয়ে পালিয়ে যায় পাচারকারী চক্রের সদস্যরা। পরে আকাশে উড়োজাহাজ চলাচলের দৃশ্য দেখে দিক নির্ধারণ করে কৌশলে ট্রলারটি সৈকতের দিকে নিয়ে আসেন ভুক্তভোগীরা এবং লাবণী পয়েন্টে সেটি ভেড়ান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে পুলিশ। তাদের থানায় নেয়ার খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করেন স্বজনরা।
স্বজনদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কাছে ফোন করে অপহরণের কথা জানানো হয়। এমনকি ফোনে মারধরের শব্দ শুনিয়ে এবং নির্যাতনের ভিডিও দেখিয়ে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল।
উদ্ধার হওয়া ভুক্তভোগীদের বর্তমানে কক্সবাজার সদর থানা হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনার ব্যাপারে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিসি/এসডব্লিউএন