ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে জরিমানা, দায়িত্ব হারালেন নারী পুলিশ কর্মকর্তা

ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে জরিমানা, দায়িত্ব হারালেন নারী পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক, ভারত

ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে জরিমানা, দায়িত্ব হারালেন নারী পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের আসাম রাজ্যে সেনাবাহিনীর একটি গাড়ি থামিয়ে চালকের কাগজপত্র যাচাই ও জরিমানা করার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মোটরযান পরিদর্শক (এমভিআই) সামিম সুলতানাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

১৮ নভেম্বর আসামের জোরহাট শহরের আন্তরাজ্য বাস টার্মিনালের কাছে সড়ক নিরাপত্তা অভিযানের সময় সেনাবাহিনীর একটি জিপসি গাড়ি থামান পরিবহন বিভাগের কর্মকর্তারা। গাড়িটি জোরহাট সামরিক স্টেশনের ৪১ সাব-এরিয়ার অধীন ছিল। সে সময় চালকসহ দুই সেনাসদস্য সরকারি দায়িত্ব পালন করছিলেন।


কর্মকর্তারা চালকের ড্রাইভিং লাইসেন্স ও সিটবেল্ট ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।


তবে জোরহাটের জেলা পরিবহন কর্মকর্তা ধনঞ্জয় শইকীয়া স্পষ্ট করেছেন, বেসামরিক ড্রাইভিং লাইসেন্স না থাকায় সেনাচালককে জরিমানা করা হয়নি। সিটবেল্ট না পরার অভিযোগেই জরিমানা করা হয়েছে।


ভারতের মোটরযান আইন, ১৯৮৮-এর ১৮ ধারা অনুযায়ী, বৈধ সামরিক ড্রাইভিং লাইসেন্সধারীরা অনুমোদিত প্রতিরক্ষা বাহিনীর গাড়ি সারা দেশে চালাতে পারেন। এ জন্য পৃথক বেসামরিক লাইসেন্স প্রয়োজন নেই। তবে সেনাবাহিনীর গাড়িও সাধারণ সড়ক নিরাপত্তা বিধি মেনে চলতে বাধ্য।


এদিকে সেনাসদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে সামিম সুলতানাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরানো হয়েছে। জেলা প্রশাসন ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে।


উল্লেখ্য, আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু হয়। জোরহাটে ওই অভিযানে ১৮৯টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা এবং ১৬টি গাড়ি জব্দ করা হয়।


সূত্র: নিউজ১৮


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন