আন্তর্জাতিক, আমেরিকা
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডেটাবেসে সাইবার হামলা!

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের গুরুত্বপূর্ণ অপরাধসংক্রান্ত তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা এফবিআইয়ের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) ডেটাবেসে অনুপ্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধসংক্রান্ত তথ্য ও ব্যক্তির অতীত যাচাইয়ের কাজে এই তথ্যভান্ডার ব্যবহার করে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে এফবিআই কর্মকর্তারা অনুপ্রবেশের বিষয়টি জানতে পারেন। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।
গত কয়েক মাসের মধ্যে এফবিআইকে লক্ষ্য করে এটি দ্বিতীয় সাইবার হামলার ঘটনা। এর আগে সেপ্টেম্বরে ‘শাইনি হান্টার্স’ নামের একটি সাইবার চাঁদাবাজ গোষ্ঠী সংস্থাটিতে হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় এফবিআইয়ের বিপুলসংখ্যক বর্তমান ও সাবেক কর্মীর তথ্য চুরি হয়।
এদিকে, সর্বশেষ হামলার খবর প্রকাশের পর বৃহস্পতিবার ফক্স নিউজে এফবিআইয়ের সাইবার নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করেন সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল। তিনি দাবি করেন, হ্যাকারদের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
অন্যদিকে, মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) কৃষকদের অর্থ পরিশোধসংক্রান্ত ব্যবস্থাতেও সম্ভাব্য সাইবার হামলার খবর জানিয়েছে এনবিসি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাংকিং, বিমান চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় ঘটে। যদিও কর্মকর্তারা এসব ঘটনার সঙ্গে সাইবার হামলার সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন, তবুও দেশটির গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: প্রেসটিভি
ডিবিসি/এসএফএল