বাংলাদেশ, সারা বাংলা
ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে

কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ রেল জংশন ভৈরব দিয়ে ট্রেনযোগে নিয়মিত মাদক পরিবহনে সহযোগিতার গুরুতর অভিযোগ উঠেছে রেলওয়ে স্পেশাল ব্রাঞ্চের (আরএসবি) সদস্য কনস্টেবল মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। সীমান্তবর্তী এলাকা থেকে আসা মাদকের চালান স্টেশন নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে তিনি চালানপ্রতি ১০ হাজার টাকা করে উৎকোচ নেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতি রাতেই আন্তঃনগর ও মেইল ট্রেনে মাদকের বড় চালান দেশের বিভিন্ন গন্তব্যে পাচার করা হয়। বিশেষ করে ভোর ৪টার দিকে আজমপুর স্টেশন থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ছেড়ে আসার পর থেকেই স্টেশন এলাকায় তৎপর হয়ে ওঠেন অভিযুক্ত আরএসবি সদস্য কনস্টেবল আমিনুল ইসলাম। ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছালে তিনি নিজে উপস্থিত থেকে চালানগুলো নিরাপদে পার করে দেওয়ার সমন্বয় করেন।
অভিযোগ রয়েছে, ট্রেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি দল পৌঁছালে আমিনুল আগেভাগেই তার সোর্স ও সহযোগীদের সতর্ক করে দেন। এমনকি নির্দিষ্ট বগিতে তল্লাশিতে বাধা দেওয়া এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার (এসপি) নাম ভাঙিয়ে সবাইকে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই ভয়ে সাধারণ যাত্রী ও স্টেশন সংশ্লিষ্টরা মুখ খুলতে সাহস পান না।
রেলপথে নিরাপদ মাদক পাচারের বিষয়ে উজ্জ্বল মিয়া ওরফে ‘সোর্স মোল্লা’ নামের এক সোর্সের সঙ্গে আমিনুলের কথোপকথনের একটি গোপন ভিডিও ডিবিসির প্রতিনিধির হাতে আসে। ভিডিওতে আমিনুলকে বলতে শোনা যায়, “তুমি প্লাটফর্মে আসবা, আমিও থাকবো গাড়িতে মাল থাকলে দেখেও নাই। ওকে?” ভিডিওতে সোর্স উজ্জল আমিনুলকে উদ্দেশ্য করে আরও বলতে শুনা যায়, উপবন গাড়ি আজমপুর ছাড়লে যে বগিতে মাল থাকবো আগে থেকে ঐ বগির কথা বলে দিলে আমি ঐ বগির উপর দিয়ে হেটে চলে যাব কারণ আরো তো ফোর্স থাকতো আমাকে তো গাড়িতে উঠতে হবে না হলে আমি অন্যদের বুঝাবো কিভাবে। তাই গাড়ি আজমপুর ছাড়া আগে মাল থাকুক আর না থাকুক আমাকে আগে থেকে বলে দিবেন।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, গত মাসে প্রায় ৭ কেজি গাঁজা জব্দ করার পর তা নিজের হেফাজতে নেন আমিনুল। অভিযোগ অনুযায়ী, জব্দকৃত সেই গাঁজা পরে এক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন তিনি। প্যাকেটটি রেলওয়ে স্টেশনের শৌঁচাগারের পাশে রাখা হয়েছিল। ওই সময় শৌচাগারের দায়িত্বে থাকা রাজ্জাক হিজরা ৭ কেজির মধ্য থেকে ২ কেজি গাঁজা নিজের কাছে রেখে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখেন। পরবর্তীতে অন্য এক মাদক ব্যবসায়ী ওই গাঁজা কিনে প্রতারণার শিকার হন। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় এবং অভিযুক্ত আমিনুল ওই হিজরাকে মারধর করে স্টেশন এলাকা থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া তিনি প্রায়ই এককভাবে মাদকবিরোধী অভিযানের নাটক সাজান এবং আড়ালে মাদক কারবারিদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করেন বলেও অভিযোগ উঠেছে।
এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আরএসবি সদস্য কনস্টেবল মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
তবে বিষয়টি নিয়ে ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা মুঠোফোনে বলেন, মাদক চেক করা, অনুসন্ধান করা বা মাদক কারবারীদের গ্রেফতার করা পুলিশের কাজ। এখন আমাদের কোনো পুলিশ সদস্য যদি মাদক কারবারীদের সাথে আতাত করে যদি সহযোগীতা করে এটা তো অপরাধ। এই বিষয়ে আমি অনুসন্ধান করব।
ডিবিসি/ আরএফই