আন্তর্জাতিক, আমেরিকা
অন্তঃসত্ত্বা অবস্থায় ৭ ম্যারাথন শেষ করলেন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ

অন্তঃসত্ত্বা অবস্থায় এক বছরে সাতটি ম্যারাথন সম্পন্ন করে অনন্য নজির গড়েছেন যুক্তরাষ্ট্রের নারী দৌড়বিদ ডেইড্রে কিন। ৩৮ বছর বয়সী এই নার্স প্র্যাকটিশনার ও ব্যবস্থাপনা পরামর্শক জীবনে ৭০টির বেশি ম্যারাথনে অংশ নিয়েছেন। তবে এবারের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন।
গত ১ নভেম্বর ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিউইয়র্ক সিটি ম্যারাথন শেষ করেন কিন। ৪ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করার মধ্য দিয়ে একই বছরে সাতটি ওয়ার্ল্ড ম্যারাথন মেজরস সম্পন্ন করার লক্ষ্য পূরণ করেন তিনি।
চলতি বছরের মার্চে টোকিও ম্যারাথন দিয়ে তার অভিযান শুরু হয়। এপ্রিলে বোস্টন ও লন্ডন ম্যারাথনের সময় শারীরিক পরিবর্তন অনুভব করলে পরীক্ষা করে জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। এরপরও চিকিৎসকের অনুমতি নিয়ে দৌড় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আগস্টে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় সিডনি ম্যারাথনে অংশ নেন কিন। পরে ২৯ সপ্তাহে বার্লিন এবং ৩১ সপ্তাহে শিকাগো ম্যারাথন সম্পন্ন করেন। শিকাগোয় তার সময় ছিল চার ঘণ্টার কম।
কিন জানান, স্বামী ব্রায়ানের উদ্বেগের কারণে তিনি দৌড়ের গতি কমিয়েছিলেন এবং প্রয়োজন হলে হাঁটার পরিকল্পনাও রেখেছিলেন। সতর্কতার অংশ হিসেবে আয়রনম্যান প্রতিযোগিতা ও একটি আলট্রাম্যারাথন থেকে সরে দাঁড়ান।
বাবা জন কিনের অনুপ্রেরণায় কলেজজীবনে ম্যারাথন দৌড় শুরু করেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর দৌড়ই হয়ে ওঠে তার মানসিক শক্তির উৎস।
২০২৩ সালে সাত দিনে সাত মহাদেশে সাতটি ম্যারাথন সম্পন্ন করেও সাফল্য পেয়েছিলেন কিন। এবার অনাগত ছেলেকে জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সাহস ও দৃঢ়তার শিক্ষা দিতে চান তিনি।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শে ব্যায়াম করা নিরাপদ হলেও অতিরিক্ত দীর্ঘ দূরত্বের দৌড়ের ঝুঁকি নিয়ে গবেষণা সীমিত।
সূত্র: সিএনএন
ডিবিসি/এসএফএল