আবহাওয়া
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আর কোনো আশঙ্কা না থাকায় শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমুদ্রবন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হলেও উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।
এর আগে শুক্রবার ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় দেশের এই চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। তবে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় উপকূলের ঝুঁকি কেটে গেছে।
ডিবিসি/এমএনকে