সারা বাংলা
চট্টগ্রামে যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হামলা, ৩০টি মোটরসাইকেল ভাঙচুর; আহত ৫

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদল ও ছাত্রদলের একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হামলা, গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য আজিজ, যুবদল নেতা মামুন সরওয়ার, কৃষকদল নেতা আকিব এবং ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসিসহ বেশ কয়েকজন রয়েছেন বলে জানা গেছে।
মিছিলে অংশ নেওয়া যুবদল নেতা শেখ সুমন দাবি করেন, ‘হামলায় আমাদের ৪০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে এবং অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।’
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মিছিলে হামলার খবর পুলিশ পেয়েছে। ঘটনায় মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ডিবিসি/এমএনকে