ডিবিসি নিউজdbcnews.tv

চাকরি

মাঠপর্যায়ে গতি ফেরাতে পুলিশে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ সৃজন

মাঠপর্যায়ে গতি ফেরাতে পুলিশে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ সৃজন

চাকরি

মাঠপর্যায়ে গতি ফেরাতে পুলিশে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ সৃজন

বাসস

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

বাংলাদেশ পুলিশের জনবল সংকট দূর করা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন অনুমোদিত এসব পদের মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে এসব পদ সৃজন করা হয়েছে। পদগুলোর ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত, যার বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩’ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে। অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ গ্রেড-১৭-তে সৃজন করা হয়েছে, যার বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। এ পদে আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। এরপর অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা গত ৫ নভেম্বর চূড়ান্ত সম্মতি প্রদান করে। একই প্রক্রিয়ায় ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে।

 

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। চলমান এই প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার পদ থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হতে পারে।

 

অন্যদিকে, নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

 

পুলিশ বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রমে কনস্টেবল ও এসআইরা মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখেন। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকেন এবং এসআইরা অপরাধ তদন্ত, মামলা পরিচালনা ও আসামি গ্রেপ্তারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে বাহিনীর জনবল সংকট কাটবে এবং মাঠপর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণকে দ্রুত পুলিশি সেবা দেওয়ার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন