ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ করছে মামদানি

নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ করছে মামদানি

আন্তর্জাতিক, আমেরিকা

নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ করছে মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধের নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) ঘোষিত এ পরিকল্পনায় চারটি নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কুইন্স ও ব্রঙ্কসের মধ্যবর্তী ৪১৩ একর আয়তনের দ্বীপে অবস্থিত রাইকার্স কারাগার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবকাঠামো, কর্মীসংকট, অমানবিক পরিবেশ ও বন্দিমৃত্যুর কারণে সমালোচিত। চলতি বছর সেখানে নয়জন বন্দির মৃত্যু হয়েছে।


২০১৯ সালে নিউইয়র্ক সিটি কাউন্সিল কারাগারটি বন্ধের সিদ্ধান্ত নিলেও প্রশাসনিক জটিলতা ও করোনা মহামারির কারণে তা বাস্তবায়িত হয়নি।


নতুন পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে ছয় হাজার পাঁচশর বেশি বন্দির সংখ্যা কমিয়ে চার হাজার একশতে নামানো হবে। পাশাপাশি ২০২৯ সালের মধ্যে ব্রুকলিনে, ২০৩১ সালের মধ্যে ব্রঙ্কস ও কুইন্সে এবং ২০৩২ সালের মধ্যে ম্যানহাটনে নতুন কারাগার চালু করা হবে।


মামদানির নিয়োগ দেওয়া কারাগার বন্ধের কার্যক্রমের প্রধান ডানা কাপলান জানান, এ উদ্যোগের লক্ষ্য শুধু পুরোনো কারাগার বন্ধ নয়; বরং মানবিক ও আধুনিক বন্দিব্যবস্থা গড়ে তোলা।


পরিকল্পনায় মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তির চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানমূলক কার্যক্রমে ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব রয়েছে। ইতিমধ্যে বেলভিউ হাসপাতালে ১০০টি বিশেষ চিকিৎসাশয্যা চালু করা হয়েছে।


তবে বন্দির সংখ্যা কমানোর পরিকল্পনার বিরোধিতা করেছে কারারক্ষীদের সংগঠন। তাদের আশঙ্কা, এতে জননিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।


মামদানি জানিয়েছেন, বিচারপ্রক্রিয়া দ্রুত করা, অনলাইনে জামিনের অর্থ পরিশোধের সুযোগ এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে কারাগারে বন্দির চাপ কমানো হবে। সংশোধিত সময়সূচি কার্যকরে সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন