সারা বাংলা
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করার ক্ষমতা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সংশোধিত ‘ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা’-তে এই কঠোর বিধান যুক্ত করা হয়েছে।
সংশোধিত বিধিমালার ৩২ নম্বর বিধির উপ-বিধি (১) ও (২)-এ এই নতুন বিধান প্রতিস্থাপন করা হয়েছে। এর ফলে চেয়ারম্যান কিংবা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তার পক্ষের কেউ আচরণবিধি ভঙ্গ করলে কমিশন সরাসরি প্রার্থিতা বাতিলের মতো চূড়ান্ত পদক্ষেপ নিতে পারবে।
সংশোধিত বিধিমালার বিধি ৩২-এর উপ-বিধি (১)-এ বলা হয়েছে, এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, যদি কোনো উৎস থেকে প্রাপ্ত রেকর্ড কিংবা লিখিত রিপোর্টের মাধ্যমে কমিশনের কাছে প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ প্রদান করতে পারবে।
অন্যদিকে, উপ-বিধি (২)-এ প্রার্থিতা বাতিলের সুস্পষ্ট প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, উপ-বিধি (১)-এর অধীন তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট-কিংবা তার নির্দেশে বা তার পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশ দ্বারা উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংশোধিত এই বিধিমালার ফলে স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে প্রার্থীদের মধ্যে আচরণবিধি মেনে চলার প্রবণতা বাড়বে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।
ডিবিসি/এমএনকে