জাতীয়, আইন ও কানুন
ভুল বিচারে ১৮ বছর: উপন্যাসের বাদল ফরাজি পাচ্ছেন চার সপ্তাহের প্যারোল

নামের মিলের কারণে দিল্লির একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হওয়ার অভিযোগে প্রায় ১৮ বছর কারাবন্দী থাকার পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পাচ্ছেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজী। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা গত ১৬ নভেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানিয়েছে। কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বাদল ফরাজী ভারতের আদালতে দণ্ডিত হওয়ার পর ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় বাংলাদেশে সাজা ভোগ করছেন। তাঁর প্যারোলের বিষয়ে ভারতের আদালতের অনুমতি নিতে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়। গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল আবেদনের নির্দিষ্ট প্রার্থনা মঞ্জুর করেন। তবে আদালত বলেন, প্যারোল বা ফার্লোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করতে হবে।
দিল্লি হাইকোর্টের আদেশের পর গত ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক পাঠায়। পরে ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরেকটি স্মারক জারি করে। ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তাঁর ভাইয়ের প্যারোল চেয়ে আবেদন করেন। এরপর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারকে দিল্লি হাইকোর্টের আদেশ, আইন ও বিচার বিভাগের মতামত এবং ২০১৬ সালের প্যারোল নীতিমালাকে আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্যারোলের সময় বাদলকে নীতিমালার সব শর্ত মেনে চলতে হবে। স্মারকে বাদলের বন্দী নম্বর ৫০০২/এ উল্লেখ করা হয়েছে।
যেভাবে শুরু কারাবাস
২০০৮ সালের ৬ মে দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নিজ বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। এ ঘটনায় অমর কলোনি থানায় হত্যা মামলা হয়। পুলিশ তখন নিহতের গৃহকর্মী ‘বাদল সিং’ নামে একজনকে খুঁজছিল।
হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর, ১৩ জুলাই বাংলাদেশি বাদল ফরাজী পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তাজমহল দেখার উদ্দেশ্যে তিনি ভারত সফরে গিয়েছিলেন বলে তাঁর পরিবারের দাবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে আটকের পর হত্যা মামলার পলাতক আসামি ‘বাদল সিং’ হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
পরিবারের দাবি, তখন বাদল অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন এবং হিন্দি বা ইংরেজি না জানায় নিজের পরিচয় স্পষ্টভাবে তুলে ধরতে পারেননি। তাঁর পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য এবং স্কুলের প্রত্যয়নপত্র পরবর্তীতে উপস্থাপন করা হলেও তিনি মুক্তি পাননি।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদলকে দোষী সাব্যস্ত করেন। ওই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরের বছর দিল্লি হাইকোর্ট সেই সাজা বহাল রাখেন।
প্রায় ১০ বছর দিল্লির তিহার কারাগারে ছিলেন বাদল। সেখানে তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। ২০১৮ সালের ৬ জুলাই বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।
স্থায়ী মুক্তির দাবি
পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ২০ জুলাই বাদলের কারাভোগের ১৪ বছর পূর্ণ হয়। তবে তাঁর স্থায়ী মুক্তির উদ্যোগ সফল হয়নি। ২০২৪ সালে দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডে তাঁর অকালমুক্তির বিষয়টি উঠলেও আবেদনটি প্রত্যাখ্যাত হয়।
বাদল ফরাজীর দীর্ঘ কারাবাসের ঘটনা নতুন করে আলোচনায় আসে লেখক রাহিতুল ইসলামের উপন্যাস ‘বাদলের কারাবাস’ প্রকাশের পর। সত্য ঘটনা অবলম্বনে লেখা উপন্যাসটিতে তাঁর গ্রেপ্তার, বিচারপ্রক্রিয়া, কারাজীবন, পড়াশোনা এবং মুক্তির জন্য স্বজন ও মানবাধিকারকর্মীদের উদ্যোগের কথা উঠে এসেছে। বইটি প্রকাশের পর তাঁর স্থায়ী মুক্তির দাবিও আরও জোরালো হয়।

রাহিতুল ইসলামের ‘বাদলের কারাবাস’ উপন্যাসটি বাদল ফরাজীর দীর্ঘ কারাবাসের ঘটনা অবলম্বনে লেখা। বইটির উপশিরোনাম, ‘ভুল বিচারে ১৮ বছর, ভারত থেকে বাংলাদেশ’। প্রথমা প্রকাশনের বইটি জীবনীভিত্তিক উপন্যাস হিসেবে প্রকাশিত হয়েছে।
লেখক রাহিতুল ইসলাম বলেন, প্যারোল বাদলের সমস্যার স্থায়ী সমাধান নয়। তাঁর ভাষায়, “১৮ বছরের ক্ষতিপূরণ প্যারোলে হয় না। বিষয়টির স্থায়ী নিষ্পত্তিতে দুই দেশের সরকারের উদ্যোগ প্রয়োজন।”
সাংবাদিক মিজানুর রহমান সোহেল বলেন, “সাময়িক প্যারোল নয়, বাদলের স্থায়ী মুক্তি ও ন্যায়বিচারই আমাদের প্রত্যাশা।”
বাদল কারাগারে থাকাকালে তাঁর বাবা মারা যান। পরিবারের সদস্যদের আশা, চার সপ্তাহের প্যারোলের এই সুযোগ তাঁর স্থায়ী মুক্তির পথও তৈরি করবে। তাঁদের দাবি, প্যারোলের মেয়াদ শেষে বাদলকে যেন আর কারাগারে ফিরতে না হয়।