সারা বাংলা
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে রেকর্ড পরিমাণ অর্থ, রয়েছে স্বর্ণালংকার-বিদেশি মুদ্রাও

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার অতীতের সব রেকর্ড ভেঙে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। ৪ মাস ২৪ দিনে মসজিদের ১৫টি দানবাক্সে জমা পড়া ৫১ বস্তা টাকা দিনভর গণনা শেষে শনিবার (২১ নভেম্বর) রাতে এই পরিমাণ নিশ্চিত করা হয়। নগদ টাকার পাশাপাশি দানবাক্সগুলোতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং সোনার চামচ ও বাটিও পাওয়া গেছে।
শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ দানের টাকার চূড়ান্ত হিসাব নিশ্চিত করেন।
এর আগে শনিবার সকাল সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। দানবাক্স থেকে টাকা বের করে ৫১টি বস্তায় ভরে সকাল ৯টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় গণনার কাজ শুরু হয়।
দিনভর চলা এই গণনা কার্যক্রমে পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন ও আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় পাঁচ শতাধিক মানুষ ও ১০টি মানি কাউন্টিং মেশিনের সহায়তায় চলে এই কার্যক্রম।
রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছী জানান, এর আগে সর্বোচ্চ ৪৩ বস্তা টাকা পাওয়ার রেকর্ড ছিল। এবার আগের তুলনায় আট বস্তা বেশি, অর্থাৎ মোট ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। গতবার দানবাক্সে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।
দানবাক্স খোলা ও টাকা গণনাকে ঘিরে মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। আল-জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষার্থী তামজীদ বিন তাফসীর, তাহমিদুল হক তানিম ও আবদুল্লাহ সামিউল জানান, একসঙ্গে এত বিপুল পরিমাণ টাকা দেখা ও গণনার সুযোগ কেবল পাগলা মসজিদেই মেলে। এ ছাড়া দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে অষ্টগ্রামসহ দূরদূরান্ত থেকে আসা উৎসুক মানুষ মসজিদ প্রাঙ্গণে ভিড় জমান। নগুয়া আয়েশা আহাদ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল খায়ের মোহাম্মদ সানাউল্লাহ বলেন, মনের আশা পূরণ ও আত্মতৃপ্তির বিশ্বাস থেকেই মানুষ এখানে দান করেন।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে। এ ছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান পাওয়া গেছে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা। এর আগে দীর্ঘ ছয় বছর পর গত ১২ অক্টোবর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ ও রুপার অলংকার ওজন করে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার, ১ হাজার ৮৮ ভরি রুপার অলংকার এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ঐতিহাসিক পাগলা মসজিদের পরিচিতি ও সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুধু মুসলমানরাই নন, অন্যান্য ধর্মের অনুসারীরাও নানা মনোবাসনা নিয়ে এখানে দান করতে আসেন।’
তিনি আরও জানান, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম ও নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদ সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মানুষের দানের অর্থ দিয়েই এই উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে। পাশাপাশি মসজিদ-সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স জেলা প্রশাসকের সভাপতিত্বে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটির মাধ্যমে পরিচালিত হয়।
ডিবিসি/এমএনকে