ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

'আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম', ছুটিতে এসে ৫ দিনের ডেঙ্গুতে কাতার প্রবাসীর মৃত্যু

'আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম', ছুটিতে এসে ৫ দিনের ডেঙ্গুতে কাতার প্রবাসীর মৃত্যু

সারা বাংলা

'আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম', ছুটিতে এসে ৫ দিনের ডেঙ্গুতে কাতার প্রবাসীর মৃত্যু

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

দুই মাসের ছুটি। দেশে ফিরেছিলেন প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে। স্ত্রী ও আট মাসের মেয়েকে নিয়ে ছিল কত পরিকল্পনা। ছুটি শেষে আবারও ফিরে যাওয়ার কথা ছিল কাতারে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মাত্র পাঁচ দিনের জ্বরেই সবকিছু ওলটপালট হয়ে গেল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৪ বছর বয়সী কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ। তাঁর মৃত্যুতে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছে আট মাসের শিশুকন্যা ফারহিনা পারভেজ আয়রার ভবিষ্যৎ।

মৃত্যুর আগে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শুয়ে নিজের জীবনের শেষ পরিণতি হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন পারভেজ। শেষ সময়ে ভগ্নিপতি গিয়াস উদ্দিনকে কাছে ডেকে তাঁর ডান হাত নিজের বুকের ওপর রেখে মেয়ের দায়িত্ব নেওয়ার আকুতি জানান। বলেন, 'আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।'


বাবার এমন আকুতি বোঝার বয়স এখনো হয়নি ছোট্ট আয়রার। যে বাবার হাত ধরে তার বেড়ে ওঠার কথা, সেই বাবার স্মৃতি নিয়েই একদিন বড় হতে হবে তাকে।

 

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ। পাঁচ দিন আগে জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। সেখানেই শেষ হয় তাঁর জীবনের পথচলা।

 

পারভেজের বাড়ি বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া নুর হোসেন সওদাগরের বাড়িতে। আহম্মদ নবীর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পরিবারের বড় সন্তান হিসেবে তাঁকে ঘিরে ছিল অনেক আশা-ভরসা।


২০১৮ সালে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রবাসজীবনে এর আগে তিনবার দেশে এসেছিলেন। এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন। দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন আছমিরা মেহনাজকে। তাঁদের সংসারে জন্ম নেয় কন্যা আয়রা। মেয়েকে ঘিরেই ছিল তাঁর ভবিষ্যতের নানা পরিকল্পনা।

 

কিন্তু এবার দেশে আসার পর আর কাতারে ফেরা হলো না তাঁর। স্ত্রী ও মেয়েকে রেখে চিরবিদায় নিতে হলো তাঁকে।

 

পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন বলেন, 'দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন পারভেজ। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না তাঁর। ফিরতে হলো মাটির কবরে।' শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয় পারভেজকে।

 

একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে স্বামী হারিয়ে দিশাহারা স্ত্রী। আর কিছুই বুঝে ওঠার আগেই বাবাহারা হয়ে গেল আট মাসের শিশু আয়রা। যে মেয়ের ভবিষ্যৎ গড়তে প্রবাসে পরিশ্রম করতেন পারভেজ, সেই মেয়ের বেড়ে ওঠা আর দেখা হবে না তাঁর। পরিবারের কাছে রেখে গেলেন একরাশ স্মৃতি, অপূর্ণ স্বপ্ন আর এক বুক হাহাকার।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন