সারা বাংলা
যৌতুকের দেড় লাখ টাকা না পেয়ে বিয়ের আসরে এলেন না বর, থানায় কনের অভিযোগ

বিয়ের সব আয়োজন সম্পন্ন, অতিথি আপ্যায়নের রান্নাবান্নাও শেষ। বধূর সাজে সেজে বরযাত্রীর অপেক্ষায় প্রহর গুনছিলেন কনে ও তার পরিবারের সদস্যরা। কিন্তু নির্ধারিত সময়ে বিয়ের আসরে না এসে মুঠোফোনে আরও দেড় লাখ টাকা দাবি করে বরপক্ষ। দাবিকৃত সেই অর্থ না পেয়ে শেষ পর্যন্ত বিয়েতে অংশ নেননি বর ও তার পরিবারের লোকজন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুক দাবি করে হুমকি দেওয়ার অভিযোগে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থানকালে জালালপুর গ্রামের আবাছ আলী (৪০) নামের এক ব্যক্তির সঙ্গে ওই তরুণীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রবাসে থাকাকালে বিশ্বাসের ভিত্তিতে আবাছ আলীকে সাড়ে তিন লাখ টাকা দেন তিনি। পরবর্তীতে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে শুক্রবার তাদের বিয়ের দিন ধার্য করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মোটরসাইকেল কেনার কথা বলে বিয়ের আগের দিন বৃহস্পতিবার আবাছ আলীকে নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়। শুক্রবার দুপুরে বরপক্ষের আসার কথা থাকায় আত্মীয়স্বজন ও স্থানীয় অতিথিদের আপ্যায়নের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। এতে আনুষঙ্গিক খাতে পরিবারটির প্রায় দুই লাখ টাকা খরচ হয়। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বরপক্ষ না আসায় যোগাযোগ করা হলে ফোনে আরও দেড় লাখ টাকা যৌতুক দাবি করা হয়। অতিরিক্ত ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিয়েতে অস্বীকৃতি জানান আবাছ আলী।
ভুক্তভোগীর বড় ভাই মইন উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিয়ের দিন আমার বোনকে বধূর সাজে সাজানো হয়েছিল। সমাজের লোকজন দাওয়াত খেয়ে গেছেন, অথচ যৌতুকের জন্য বরপক্ষ এলো না। এখন সমাজে আমরা মুখ দেখাব কী করে? বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’
এ বিষয়ে অভিযুক্ত আবাছ আলীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত নিষ্পত্তি না হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে