সারা বাংলা
নাশকতার উদ্দেশ্যে মিয়ানমার থেকে আনা শতাধিক আইইডি বোমা-অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। এ ঘটনায় দুই টমটম চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা।
শনিবার (২১ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে শতাধিক আইইডি বোমা, স্টিল বডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দের পাশাপাশি দুই চালককে আটক করে বিজিবি।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
ডিবিসি/এমএনকে