সারা বাংলা
খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। সে সময় বাড়িতে অবস্থানরত তাঁর বাবা-মা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাদিক কায়েম নিজেই এই অভিযোগ করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে তাঁর বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে। পাশাপাশি ঘরের মূল দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়ি পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সাদিক কায়েম আরও অভিযোগ করেন, ‘জুলাইপন্থি’ ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরায় রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তাঁদের আন্দোলন ও লড়াইকে দমানো যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে, এ ঘটনার বিষয়ে জানতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিসি/এইচডিআই