ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

আমার কথায় সোনা কেনা কমানোয় দাম কমেছে ও মানুষের টাকা বেঁচেছে: মোদি

আমার কথায় সোনা কেনা কমানোয় দাম কমেছে ও মানুষের টাকা বেঁচেছে: মোদি

আন্তর্জাতিক, ভারত

আমার কথায় সোনা কেনা কমানোয় দাম কমেছে ও মানুষের টাকা বেঁচেছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪৬ মিনিট আগে

দেশবাসীর সোনা কেনা কমানোর কারণেই মূল্যবান এই ধাতুটির দাম কমেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২১ নভেম্বর) উত্তর প্রদেশের লখনৌয়ের গোমতী নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত ৫ম জাতীয় দক্ষতা সমাবর্তনে (ন্যাশনাল স্কিল কনভোকেশন) দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

গত মে মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে পড়ে। সে সময় জাতির উদ্দেশে দেওয়া এক আহ্বানে একান্ত প্রয়োজন ছাড়া আগামী এক বছর সোনা না কেনার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

 

শনিবারের বক্তব্যে সেই প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, একান্ত প্রয়োজন না হলে এক বছরের জন্য সোনা না কিনতে।’ নিজের এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর এক বেলা উপবাস থাকার আহ্বানের সঙ্গে তুলনা করেন তিনি।

 

নরেন্দ্র মোদি বলেন, ‘সেদিন দেশবাসী শাস্ত্রীজির ডাকে সাড়া দিয়েছিল। আমার দেশের মানুষের সেই চারিত্রিক দৃঢ়তা আজও অটুট আছে। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সোনা কেনা কমিয়ে দিয়েছে, আর তাতেই সোনার দাম কমেছে। আজ মানুষ আমাকে বলছে মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি এবং আমাদের টাকা বেঁচেছে।’

 

বাজার বিশ্লেষক সংস্থা গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। মোদির আহ্বানের ঠিক আগের দিন অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫ হাজার ২৫০ রুপি ছিল, যা বর্তমানে কমে ১২ হাজার ৫২৩ রুপিতে দাঁড়িয়েছে।

 

এর আগে গত মে মাসে হায়দরাবাদের এক জনসভায় মোদি বলেছিলেন, সোনা কেনার পেছনে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে এক বছর সোনা না কেনার সংকল্প করার আহ্বান জানিয়েছিলেন তিনি। সে সময় দেওয়া সাত দফা আহ্বানে জ্বালানি ব্যবহার কমানো, পুনরায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ চালু করা এবং বিদেশ ভ্রমণ কমানোরও অনুরোধ জানানো হয়েছিল। পরে সেপ্টেম্বরেও তিনি একই ধরনের আহ্বান জানান। পাশাপাশি মে মাসে সরকার সোনা ও রুপার ওপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে।

 

সরকারি তথ্য বলছে, প্রধানমন্ত্রীর আহ্বানের পর বাজারে সোনার চাহিদা উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর সময়ে ভারতের আনুষ্ঠানিক সোনা আমদানি প্রায় ৪০ শতাংশ কমে ২ হাজার ৪৭৮ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৪ হাজার ১২৪ কোটি ডলার।

 

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যানুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে সোনার চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কমে ১৬২ টনে নেমে এসেছে। এ সময়ে গয়নার চাহিদাও ২০ শতাংশ কমে প্রায় ১০০ টনে দাঁড়িয়েছে।

সূত্র: এনডিটিভির

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন