রাজধানী
দেশে স্বর্ণের দাম এক বছরে সর্বনিম্ন, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ প্রতি ভরির দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা থেকে কমে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় নেমেছে। গত এক বছরে এটিই সর্বনিম্ন দাম। নতুন দর আজ (২২ নভেম্বর) থেকে কার্যকর।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত দামে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কাটা হবে। এ ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
ডিবিসি/আরএসএল