বিজ্ঞান ও প্রযুক্তি
চাঁদের কৃত্রিম মাটিতে আলু চাষ!

ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি ঘাঁটি স্থাপনকারী নভোচারীদের খাদ্য জোগানের লক্ষ্যে চাঁদের কৃত্রিম মাটিতে নিরাপদ ও পুষ্টিকর আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, চাঁদের কৃত্রিম মাটির সঙ্গে জৈব সার বা ভার্মিকম্পোস্ট মেশালে সেখানে পৃথিবীর মাটির মতোই ভালো ফলন পাওয়া সম্ভব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’-তে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদ জীববিজ্ঞানী আইমেরিক গোয়ারের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ‘মোডক’ জাতের লাল খোসা ও সাদা শাঁসযুক্ত আগাম আলু ব্যবহার করা হয়।
গবেষকরা জানান, চাঁদের পৃষ্ঠের মাটি মূলত ‘লুনার রেগোলিথ’ নামে পরিচিত, যা উল্কাপিণ্ডের আঘাতে তৈরি চূর্ণবিচূর্ণ পাথর ও কাঁচের মতো ধারালো ধূলিকণা। পৃথিবীর মাটির মতো এতে কোনো জৈব উপাদান বা নাইট্রোজেন নেই, বরং তামার মতো ভারী ধাতুর উপস্থিতি বেশি থাকায় তা ফসলের জন্য ক্ষতিকর। তাই বিজ্ঞানীরা কৃত্রিম লুনার রেগোলিথের সঙ্গে কেঁচোর মাধ্যমে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে পরীক্ষা চালান।
দেখা গেছে, জৈব সার ছাড়া কেবল রেগোলিথে আলু গাছের প্রায় কোনো শিকড় বা আলু জন্মায়নি। তবে ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট ও ৯৫ শতাংশ রেগোলিথের মিশ্রণে কিছু আলু জন্মেছে এবং ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানোর পর পৃথিবীর উর্বর মাটির সমান ফলন পাওয়া গেছে। জৈব উপাদান মাটির ভারী ধাতু শোষণে উদ্ভিদকে বাধা দেয়, ফলে আলুগুলো খাওয়ার জন্য নিরাপদ থাকে।
গবেষণাগারের গ্রিনহাউসে দিনের বেলা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যালোক ও কৃত্রিম আলোর সমন্বয়ে এই আলু চাষ করা হয়। ছোট টবে চাষ করায় প্রথম দফায় উৎপাদিত আলুগুলোর ওজন ১০ গ্রামের কম ছিল, তবে বড় টবে পরিচালিত পরবর্তী গবেষণায় সাধারণ বাজারের আকারের আলু পাওয়া গেছে বলে জানান গোয়ার। ল্যাবরেটরিতে বিশ্লেষণের কাজে ব্যবহার করায় বিজ্ঞানীরা এখনো এই আলুর স্বাদ গ্রহণ করেননি।
আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই চাঁদে নভোচারী পাঠানো এবং দীর্ঘমেয়াদি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। পৃথিবী থেকে সব খাবার বহন করে নেয়া ব্যয়বহুল ও অবাস্তব হওয়ায় চাঁদেই স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন অত্যন্ত জরুরি। আলুতে কলার চেয়ে বেশি পটাশিয়াম, প্রচুর ভিটামিন সি, প্রোটিন এবং উচ্চ ক্যালরি থাকায় এটি মহাকাশচারীদের জন্য আদর্শ খাবার হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে গত মার্চে একই পদ্ধতিতে ছোলা চাষেও সফলতা মিলেছিল এবং বর্তমানে টমেটো, লেটুস ও শিমজাতীয় ফসল নিয়েও গবেষণা চলছে।
গবেষণার সহ-লেখক ওরেগন স্টেট ইউনিভার্সিটির মহাকাশ জীববিজ্ঞানী ডেভিড হ্যান্ডি জানান, চাঁদে চাষাবাদের এই প্রযুক্তি পৃথিবীর অনুর্বর অঞ্চল, মরুভূমি এবং দূষিত মাটির গুণাগুণ ফিরিয়ে এনে টেকসই কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/পিআরএএন