আন্তর্জাতিক, অন্যান্য
ফিলিস্তিনিদের ওপর হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

দখলকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে রাতের বেলা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত গাদি আইজেনকট। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে তিনি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের কড়া সমালোচনা করেন।
গ্রামগুলোতে ফিলিস্তিনিদের সম্পত্তিতে আগুন দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইজেনকট লেখেন, “রাতে চালানো এসব হামলা সব অর্থেই ইহুদি সন্ত্রাসবাদ।” পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে দুই মন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, তাদের নেতৃত্বে সেখানে যেসব কর্মকাণ্ড চলছে, সেগুলো ওই অঞ্চলকে লাগামহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
হামলাকারীদের থামাতে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর হাতে যত উপায় আছে, তার সবই কাজে লাগানোর আহ্বান জানান আইজেনকট। এ ক্ষেত্রে তিনি প্রশাসনিক আটক এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের মাধ্যমে সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান তিনি।
দখলকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি বসতি ফাঁড়ি রয়েছে। এসব বসতি ও ফাঁড়িতে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করেন।
ফিলিস্তিনের উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, অক্টোবরে পশ্চিম তীরে মোট ৩ হাজার ১৩৩টি হামলা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টির জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করেছে কমিশন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এবং তাদের সম্পত্তিতে হামলা বেড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল