আন্তর্জাতিক, আরব
ইরানে ভেজাল মদপানে বিষক্রিয়ায় নিহত ৩, আক্রান্ত ৬৬

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নেশাবুরে ভেজাল মদপানে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। নেশাবুর চিকিৎসাবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হিসাবে, আক্রান্তের সংখ্যা ৩৩ থেকে বেড়ে ৬৬ হয়েছে। মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। ওই মদ উৎপাদন ও সরবরাহে জড়িত সন্দেহে আটজনকে শনাক্ত করেছে পুলিশ।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটজনকে মাশহাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসার পর সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য আট রোগীর শ্বাসনালিতে নল দিতে হয়েছে। একজনের মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
ইরানে মদ বিক্রি নিষিদ্ধ। দেশটিতে অবৈধ বাজার থেকে কেনা মদ পান করে এর আগেও বহু মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। ২০২৫ সালের জুলাইয়ে দেজফুল শহরে ভেজাল মদপানের পর ৩১ জন হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে একজন মারা যান এবং পাঁচজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। একই বছরের নভেম্বরে ইরানশাহর ও বামপুরে পৃথক ঘটনায় আটজনের মৃত্যু হয়। একজন দৃষ্টিশক্তি হারান এবং আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি ২০২৫ সালের অক্টোবরে বলেছিলেন, হাসপাতালের জরুরি বিভাগের হিসাবে যত মানুষ মদপানে বিষক্রিয়ায় আক্রান্ত হন, প্রকৃত সংখ্যা তার ১০ গুণ পর্যন্ত হতে পারে। ভয় বা অন্য কারণে অনেকেই চিকিৎসা নিতে যান না।
ভেজাল মদে কখনো কখনো শিল্পে ব্যবহৃত মিথানল পাওয়া যায়। এটি দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে, বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। তবে নেশাবুরের ঘটনায় কোন পদার্থ বিষক্রিয়ার জন্য দায়ী, তা এখনো শনাক্ত করতে পারেননি স্বাস্থ্য কর্মকর্তারা।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
ডিবিসি/এসএফএল