আন্তর্জাতিক, অন্যান্য
এআই দিয়ে পরীক্ষার নকল ঠেকাতে না পেরে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল ঠেকাতে আগাম প্রস্তুতিতে ঘাটতি ছিল বলে দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রবিবার (২২ নভেম্বর) প্রেসিডেন্ট লি জে-মিয়ং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
বিতর্কের সূত্রপাত কর হিসাববিদদের জাতীয় পরীক্ষা ঘিরে। ওই পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ব্যক্তি গত রবিবার স্বীকার করেন, ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে তিনি প্রায় পূর্ণ নম্বর পেয়েছিলেন। এর মাত্র চার দিন পরেই ছিল দক্ষিণ কোরিয়ার আট ঘণ্টার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনেউং। একজন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন, তা অনেকাংশে নির্ভর করে এই পরীক্ষার ফলের ওপর।
স্বীকারোক্তির পর কর্তৃপক্ষ পরীক্ষাকেন্দ্রগুলোতে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত ওয়াই-ফাই বন্ধের ব্যবস্থা করে। পরীক্ষার্থীদের স্মার্টফোনসহ সব স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দিতে বলা হয়। গোপন ক্যামেরা শনাক্ত করতে চশমা, ঘড়ি, জামার কলার, হাতা ও বোতাম পরীক্ষার নির্দেশও দেওয়া হয়। জমা না দেওয়া ফোন শনাক্ত করতে দেশজুড়ে জরুরি সতর্কবার্তা পাঠায় সরকার। বার্তাটি এলে ফোনে পূর্ণ আওয়াজে সংকেত বেজে ওঠে।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবারের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক যন্ত্রসংক্রান্ত নিয়মভঙ্গের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে। এর প্রায় অর্ধেকই ধরা পড়ে জরুরি সতর্কসংকেতের মাধ্যমে। প্রস্তুতি নিতে দেরি হওয়ায় সরকারের সমালোচনা করে শিক্ষক সংগঠনগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চোই লিখেছেন, বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে পর্যাপ্ত আগাম প্রস্তুতি ছিল না বলে যে সমালোচনা উঠেছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তার দায় তিনি এড়াতে পারেন না।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসএফএল