বাংলাদেশ, সারা বাংলা
নারায়ণগঞ্জে সন্তানের সাক্ষীতে মায়ের হত্যা মামলায় বাবার মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী ছালেহা বেগমকে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে হত্যার সাত বছর পর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আবুল খালেকের ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছালেহা নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে মোবারক ঘুমিয়ে থাকা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। সন্তানদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর ছালেহার রক্তাক্ত মরদেহ দেখতে পান। ভিক্টিমের মেয়ে সুমাইয়া এই মামলায় সাক্ষী দিয়েছে। ২০১৯ সালে এই মেয়ের বয়স ছিলো ১১ বছর।
ঘটনার পর পুলিশ মোবারক হোসেনকে আটক করে। পরে নিহতের ছোট বোন পারভীনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৭ বছর বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার আদালত রায় ঘোষণা করেছেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো: আব্দুস সামাদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত। আসামীকে রায়ের সময় উপস্থিত ছিলেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিসি/ আরএফই