আন্তর্জাতিক, অন্যান্য
মেক্সিকোর মাদকের গডফাদার গ্রেপ্তার, অভিযানে ৪ সেনাসহ নিহত ১১

মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহরে মাদকের গডফাদার ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তারের অভিযানে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সেনাসদস্য। বাকি সাতজন মাদক কারবারির সশস্ত্র সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুয়াসাভেতে সেনাবাহিনী ও মাদক কারবারির বন্দুকধারীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই শহরের আকাশে সামরিক হেলিকপ্টার ও ড্রোন দেখা যায়। হেলিকপ্টার থেকে শহরের একাধিক স্থানে গুলি ছোড়া হয়। ঘটনার ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে বেসবল খেলার দর্শকেরা চিৎকার করতে করতে ছুটছেন। শহরের বিভিন্ন সড়কে অবরোধ করা হয়। আগুন জ্বলতে দেখা যায় ট্রাক, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফেডারেল কর্মকর্তা জানান, শুক্রবার মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করা হলেও সহিংসতার কারণে সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী শনিবার ভোর চারটা পর্যন্ত তাকে শহর থেকে সরিয়ে নিতে পারেনি। পরে তাকে উড়োজাহাজে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়। তার সঙ্গে গ্রেপ্তার আরও দুজনকেও রাজধানীতে নিয়ে কৌঁসুলিদের হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, তাদের একজন সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা বলে সন্দেহ করা হচ্ছে। অন্যজন এর আর্থিক লেনদেন দেখভাল করতেন বলে অভিযোগ রয়েছে।
‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত মেসা ফ্লোরেস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ পলাতকের তালিকায় ছিলেন। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। বিশেষজ্ঞদের আশঙ্কা, সিনালোয়ায় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ক্ষমতার লড়াই চলার মধ্যে এই গ্রেপ্তার নতুন করে সহিংসতা উসকে দিতে পারে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল