বাংলাদেশ, সারা বাংলা
নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যা করে স্বর্ণালংকার লুটের অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে নিজ ঘরে নামাজের প্রস্তুতি নেওয়ার সময় করিমা বেগম (৫৫) নামের এক নারীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রবিবার (২২ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার কৈলাগ ইউনিয়নের উত্তর কৈলাগ গ্রামে এ ঘটনা ঘটে। করিমা বেগম ওই গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বামীর ছোট ভাই বাছির উদ্দিন জানান, সকালে নামাজের জন্য অজু করতে ঘরের বাইরে যান করিমা বেগম। অজু শেষে ঘরে ফিরে জায়নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা তাকে গলা টিপে হত্যা করে। পরে ঘর থেকে নগদ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
বাছির উদ্দিন আরও জানান, ঘটনার আগে ভোরে হাওরে চলে যান করিমা বেগমের স্বামী নিজাম উদ্দিন। সম্প্রতি তিনি প্রতিবেশীদের কাছে ধানের খড় বিক্রি করেছিলেন। ঘটনার সময় কয়েকজন প্রতিবেশী খড় নিতে আসছিলেন। এদিকে প্রতিবেশী কামাল মিয়া এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন। তবে পেছন দিক থেকে দেখায় তাকে শনাক্ত করতে পারেননি।
করিমা বেগমের দুই ছেলে কাউছার মিয়া ও শরিফ মিয়া সৌদি আরবপ্রবাসী। তার এক মেয়ে শোহেনা আক্তার।
খবর পেয়ে কৈলাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম পুলিশকে বিষয়টি জানান।
পরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহসহ পুলিশের একটি দল ও বাজিতপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাজিতপুর থানার ওসি এস এম শহিদুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/ আরএফই