বাংলাদেশ, সারা বাংলা
চাঁদপুরে বসতঘরে আগুন লেগে ২ বছরের ঘুমন্ত শিশুর মৃত্যু, গুরুতর দগ্ধ বোন

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে প্রাণ গেছে দুই বছরের শিশু আনাছ হোসেনের। এ ঘটনায় তার ৬ বছর বয়সী বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আগুনে শিশুদের বাবা মো. নাজির আহমেদ ও তার ভাই নেছার আহমেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই শিশু ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তারা আগুনের মধ্যে আটকা পড়ে। এতে ঘটনাস্থলেই আনাছের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তার বোন মরিয়মকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ডিবিসি/এসভিএন