আন্তর্জাতিক, ভারত
ভারতের রাজস্থানে
বিজেপি প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে হারতেই সড়কবাতি খুলে নিয়ে যাওয়ার অভিযোগ

রাজস্থানের টঙ্ক জেলায় পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা শর্মার পরাজয়ের পর একটি গ্রামে প্রায় ১০টি খুঁটি থেকে সড়কবাতি খুলে নিয়েছেন বিদ্যুৎ সংস্থার কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের ফলের জেরে প্রতিহিংসা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (জেভিভিএনএল) বক্তব্য, অনুমোদনহীন সংযোগের কারণে বাতিগুলো সরানো হয়েছে।
পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা। বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগে তার স্বামী অলোক শর্মার উদ্যোগে রানোলি গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রামে বিদ্যুতের খুঁটিতে প্রায় ৫০টি এলইডি বাতি বসানো হয়েছিল। গ্রামগুলো হলো কুমহারোঁ কি ঢানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা। অলোক স্থানীয় বিধায়ক রামসহায় বর্মার ব্যক্তিগত সহকারী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভোটের ফল ঘোষণার পর সংস্থার মেরামতকারী দল কুমহারোঁ কি ঢানিতে গেলে বাসিন্দারা আপত্তি জানান। এর মধ্যেই কর্মীরা প্রায় ১০টি খুঁটি থেকে বাতি খুলে নেন। পরে নবনির্বাচিত পঞ্চায়েতপ্রধানেরা বিদ্যুৎ বিল দিতে রাজি হলে বাকি প্রায় ৪০টি খুঁটি থেকে বাতি সরানোর কাজ স্থগিত হয়।
সংস্থার নির্বাহী প্রকৌশলী ডি আর মীনা বলেন, বিদ্যুতের ত্রুটি সারাতে গিয়ে কর্মীরা প্রথমে অনুমোদনহীন সংযোগ দেখতে পান। তাদের প্রতিবেদনের ভিত্তিতে কর্মকর্তারা পরিদর্শনে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। কীভাবে বাতিগুলো বসানো হয়েছিল এবং কী ধরনের সংযোগ ব্যবহার করা হয়েছিল, তা জানতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলীকে।
রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক রামসহায় বর্মা। তিনি বলেন, দীপাবলির আগে প্রার্থীরা বাতিগুলো বসিয়েছিলেন। পরে বিদ্যুৎ বিলের প্রশ্ন উঠলে বিতরণ সংস্থা ব্যবস্থা নেয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/এসএফএল