আন্তর্জাতিক, ভারত
যৌতুক হিসেবে পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙাল দিল্লি পুলিশের সদস্য

হরিয়ানার সোনিপতে পছন্দের গাড়ি যৌতুক হিসেবে না পেয়ে বিয়ের আসর ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের সদস্য কুলদীপের বিরুদ্ধে। কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, বরের জন্য প্রায় সাড়ে ৯ লাখ রুপির একটি হুন্দাই অরা বুক করেছিল তার পরিবার। কিন্তু কুলদীপ চেয়েছিলেন প্রায় ১৩ লাখ রুপির একটি মারুতি ব্রেজা। ২০ নভেম্বর সোনিপতের মামচাঁদ ভাটিকায় এ ঘটনা ঘটে।
সুভাষ জানান, প্রায় ছয় মাস আগে তার মেয়ে হিনার সঙ্গে কুলদীপের বিয়ে ঠিক হয়। এরপর বরপক্ষ গাড়ি ও গয়না দাবি করতে শুরু করে। বিয়ের আগের দিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি জানতে পারেন, কুলদীপ ব্রেজা চান। আগের গাড়ির বুকিং বাতিল করেও বিয়ের আগে ব্রেজার ব্যবস্থা করতে পারেনি পরিবারটি।
সুভাষের ভাষ্য, বরের জন্য দুই তোলা সোনার চেইন, তার মায়ের জন্য চার তোলা সোনার কানের দুল এবং রুপার নূপুরের ব্যবস্থাও করতে রাজি হয়েছিল কনেপক্ষ। বরের বড় ভাই ও ভাবির জন্যও গয়নার ফরমাশ দেওয়া হয়েছিল।
বিয়ের দিন প্রায় ১ হাজার ২০০ অতিথির খাবারের আয়োজন ছিল। সুভাষের অভিযোগ, কুলদীপ সাধারণ পোশাকে মাকে নিয়ে অনুষ্ঠানস্থলে এসে প্রথমেই ব্রেজার খোঁজ করেন। গাড়িটি সেখানে নেই জেনে তিনি কনেপক্ষের সদস্যদের গালিগালাজ করেন। স্বজনেরা হাতজোড় করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ জানালেও কুলদীপ মাকে নিয়ে চলে যান। হিনা তখনো বিয়ের সাজে মণ্ডপে অপেক্ষা করছিলেন।
সুভাষের দাবি, বিয়ের প্রস্তুতিতে তার ২৫ থেকে ৩০ লাখ রুপি খরচ হয়েছে। কুলদীপ ও তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়ে তিনি সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়েছেন।
সূত্র এনডিটিভি
ডিবিসি/এসএফএল