ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

মিয়ানমারের গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর হচ্ছে মালয়েশিয়া

মিয়ানমারের গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর হচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক

মিয়ানমারের গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর হচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৪ মিনিট আগে

রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আসিয়ানের সাথে কাজ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। রবিবার (২২ নভেম্বর) কুয়ালালামপুরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মিয়ানমার তার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে আইসিজে যে রায় দিয়েছে, মালয়েশিয়া তার প্রতি শ্রদ্ধাশীল। বিবৃতিতে আরও বলা হয়, এই রায়ের ফলে উদ্ভূত বিষয়গুলো নিয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সাথে যুক্ত হয়ে কাজ করবে।


এর আগে গত বৃহস্পতিবার আইসিজে এক ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে। আদালত ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নিপীড়ন বন্ধে মিয়ানমারকে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল। ওই সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং ১০ লাখেরও বেশি মানুষ পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।


মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের এই পর্যবেক্ষণ অসহায় জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়ার বিষয়ে মালয়েশিয়ার অবস্থানের সাথে সংগতিপূর্ণ। বিবৃতিতে বলা হয়, দীর্ঘস্থায়ী এই সংকটের একটি সার্বিক ও টেকসই সমাধানের পক্ষে মালয়েশিয়া তার অবস্থান অব্যাহত রাখবে। এর অংশ হিসেবে নিজ ভূখণ্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।


জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত রয়েছেন। এ ছাড়া অক্টোবর মাস পর্যন্ত দেশটির অভিবাসন আটককেন্দ্রে আরও ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা আটক ছিলেন। ইউএনএইচসিআরের পরিসংখ্যানে আরও দেখা গেছে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমারের প্রায় ১৬ লাখ ৪০ হাজার নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন