বাংলাদেশ, সারা বাংলা
ডেভিড ইমনের সহযোগীদের ধরিয়ে দেওয়া পুলিশ সোর্সকে মোটরসাইকেলে এসে গুলি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে মো. আবছার চৌধুরী নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁর হাত, পা ও পেটে গুলির আঘাত লেগেছে।
আহত আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড়া এলাকার সাহাবুদ্দীন চৌধুরীর ছেলে। তিনি বাড়ির সামনে দীর্ঘদিন ধরে ফার্নিচারের ব্যবসা করে আসছেন। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনেরর সহযোগি ডাবা হারুন ও গলকাটা মোবারককে গ্রেপ্তারে সহযোগীতা করেছিলেম আবছার।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর আবছার চৌধুরী তার ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন অস্ত্রধারী সেখানে আসে। পরে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
হাসপাতালে নেওয়ার পর আবছার হামলায় জড়িত হিসেবে মো. কাদের ও মো. হারেছ নামে দুজনের নাম উল্লেখ করেন। এই দুজনও স্থানীয়ভাবে ডেভিড ইমনের সহযোগি হিসেবে পরিচিত। তার দাবি, ওই দুজন তাকে গুলি করে পালিয়ে গেছেন। তবে হামলার কারণ এবং অভিযুক্তদের সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে কি-না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, একটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতনামা যুবক এসে আবছারকে লক্ষ্য করে পরপর ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ওই প্রত্যক্ষদর্শীর দাবি, কয়েক মাস আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা আবছারের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছিল।
স্থানীয়ভাবে আবছার দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম জানান, আবছার উদ্দিনের হাত-পা ও পেটে গুলির আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ডিবিসি/ আরএফই