আন্তর্জাতিক
প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ফ্রেমে বাঁধানো একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে (৩ হাজার ৫৮ পাউন্ড) বিক্রি হয়েছে। শনিবার নিলামকারী প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস চুলগুলো বিক্রি করে। তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।
রিচমন্ড অকশনস জানায়, চুলগুলো একসময় জন গ্যাডসবি নামে এক ব্যক্তির কাছে ছিল, যিনি ১৭৯৯ সালে ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে তাকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন। পরবর্তীতে গ্যাডসবির বংশধরদের কাছ থেকে চুলগুলো সংগ্রহ করেন জন কে ল্যাটিমার নামে এক সংগ্রাহক। এর আগে ২০২১ সালে একটি লকেটে সংরক্ষিত ওয়াশিংটনের তিনটি চুল প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
১৯২৮ সালের এক নথিতে গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার জানিয়েছিলেন, ওয়াশিংটনের শেষ দিনগুলোর বন্ধুত্বের স্মৃতি হিসেবে তার দাদা ওই চুলগুলো পেয়েছিলেন। তিনি বলেন, ‘ওয়াশিংটন সিটিতে আমাদের বাড়িতে জেনারেল ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে এটি ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, আমি সারাজীবন সেখানেই এটি দেখেছি।’
স্বাধীনতা যুদ্ধে মার্কিন বাহিনীকে নেতৃত্ব দেয়া জর্জ ওয়াশিংটন ১৭৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন এবং ১৭৯৯ সালে মারা যান। বর্তমানে তার সাবেক বাসভবন মাউন্ট ভার্নন জাদুঘরেও তার চুলের অন্তত ৫০টি নমুনা সংরক্ষিত আছে। এ ছাড়া গত জুলাইয়ে ১৭৭৬ সালের তার স্বাক্ষরিত একটি চিঠি নিলামে ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়েছিল।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন