ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

একসাথে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন লঞ্চার প্রকাশ্যে আনল ইরান

একসাথে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন লঞ্চার প্রকাশ্যে আনল ইরান

আন্তর্জাতিক

একসাথে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন লঞ্চার প্রকাশ্যে আনল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও নিজেদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে এমন বার্তা দিতে নতুন দ্বৈত-ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক বা ডুয়াল-মিসাইল লঞ্চার এবং ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ প্রকাশ্যে এনেছে ইরান। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক কমান্ডারদের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শনের দৃশ্য সম্প্রচার করা হয়।

ইরানি কর্মকর্তাদের দাবি, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। যদিও মার্কিন নৌ-অবরোধে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় দেশটি তীব্র অর্থনৈতিক চাপে রয়েছে।


শনিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি ভূগর্ভস্থ স্থাপনাটি পরিদর্শনের সময় নতুন ডুয়াল-মিসাইল লঞ্চার উন্মোচন করেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, লঞ্চারটি একসাথে তরল জ্বালানিচালিত দুটি ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম।খাড়াভাবে উৎক্ষেপণযোগ্য ও গতি নিয়ন্ত্রণ করার সুবিধা থাকায় এগুলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। এ ছাড়া নতুন ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা, নির্ভুলতা ও মার্কিন জিপিএস ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়ানো হয়েছে।


আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, বোমাবর্ষণের মধ্যেও উৎপাদন সচল রাখতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলো মাটির নিচে সরিয়ে নেয়া হয়েছে। আইআরআইবির ফুটেজে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ও শত শত ক্ষেপণাস্ত্র দেখা গেছে।


তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক রসুল সরদার বলেন, আইআরজিসি বাইরের বিশ্বকে এই বার্তা দেয়ার চেষ্টা করছে যে তাদের গোলাবারুদের কোনো ঘাটতি নেই, তাদের পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রয়েছে। যুদ্ধ আবার শুরু হলে তারা এই সক্ষমতা ব্যবহার করবে। এটি তাদের প্রচারণার অংশ হলেও ইরান মূলত নিজেদের শক্তি প্রদর্শন এবং প্রতিরোধ সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।


আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের ফেলো রামি খুরি বলেন, সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে ইরান এসব সরঞ্জামের বিশাল মজুত গড়ে তুলেছে। তারা দেখিয়েছে নিষেধাজ্ঞা মোকাবিলা করে তারা লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। তার মতে, পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার অত্যাধুনিক সক্ষমতা রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এটিই দেখাচ্ছে তেহরান।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন