আন্তর্জাতিক
গাজায় শিশুরাও ভুগছে ডায়াবেটিসে, টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না ইনসুলিন

অবরুদ্ধ গাজায় জীবনরক্ষাকারী ইনসুলিন ও রক্তে শর্করা পরিমাপের সরঞ্জামের তীব্র সংকটে চরম বিপাকে পড়েছে ডায়াবেটিসে আক্রান্ত শিশুরা। সন্তানদের বাঁচিয়ে রাখতে অভিভাবকদের প্রতিনিয়ত কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হচ্ছে।
গাজা সিটির নয় বছর বয়সী ডায়াবেটিস রোগী আমির সম্প্রতি বারবার বমি ও পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়। চিকিৎসকরা জানান, ইনসুলিনের বিষক্রিয়ায় তার রক্তে বিপজ্জনক মাত্রায় অ্যাসিড জমে গেছে। আমিরের মা ৩৯ বছর বয়সী নাহাওয়ান্দ জানান, দীর্ঘদিন গাজা সিটিতে ইনসুলিন না পেয়ে দক্ষিণ গাজার খান ইউনিস থেকে ওষুধ সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু পরে দেখা যায়, সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
এক বছর বয়সে টাইপ-১ ডায়াবেটিস ধরা পড়া আমিরকে দিনে দুই থেকে তিনবার ইনসুলিন দিতে হয়। কিন্তু ইসরায়েলি অবরোধে ওষুধের দাম আকাশছোঁয়া হওয়ায় এবং স্বামী কর্মহীন থাকায় ওষুধ কেনা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আল জাজিরাকে নাহাওয়ান্দ বলেন, আমার ছেলের জন্য ইনসুলিন কেনা আমার পক্ষে একেবারেই অসম্ভব।
যুদ্ধের আগে একটি ইনসুলিন পেনের দাম ২৫ থেকে ৩০ শেকেল (৭.৬২ থেকে ৯.১৭ ডলার) থাকলেও এখন তা বেড়ে ৫০ থেকে ৮০ শেকেলে (১৫.২৯ থেকে ২৪.৪৬ ডলার) দাঁড়িয়েছে। একইভাবে রক্ত পরীক্ষার ৫০টি টেস্ট স্ট্রিপের একটি বক্সের দাম ১৫০ শেকেল (৪৫ ডলার) থেকে বেড়ে ১৫০ থেকে ২০০ শেকেল (৪৫.৮৭ থেকে ৬১.১৭ ডলার) হয়েছে। নাহাওয়ান্দ বলেন, আমাদের শিশুরা এমনিতেই একটি অসুখ নিয়ে বেঁচে আছে। এর ওপর তাদের এভাবে ভোগা উচিত নয়। ইনসুলিন চাওয়াটা খুব বেশি কিছু নয়।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) গত আগস্টে ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় ডায়াবেটিস চিকিৎসায় কঠোর বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। গাজার প্রায় ৮০০ ডায়াবেটিস আক্রান্ত শিশুর পক্ষে কাজ করা সংস্থা ‘হাইফা অ্যাসোসিয়েশন ফর চিলড্রেন উইথ ডায়াবেটিস’-এর নির্বাহী পরিচালক আউনি শোয়েখ জরুরি ভিত্তিতে ইনসুলিন ও টেস্ট স্ট্রিপ সরবরাহের আহ্বান জানিয়েছেন।
২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি যুদ্ধের আগে ৭০০ শিশুকে প্রতি মাসে বিনামূল্যে টেস্ট স্ট্রিপ ও ইনসুলিন দিত। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে তীব্র সংকটে শিশুদের জীবন হুমকির মুখে পড়েছে। আল জাজিরাকে শোয়েখ বলেন, ইনসুলিন কোনো বিলাসিতা নয়। এটি জীবনরক্ষাকারী চিকিৎসা। তিনি জানান, অনেক পরিবার বাধ্য হয়ে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন ব্যবহার করছে, যার ফলে শিশুরা রক্তে উচ্চমাত্রার শর্করা ও অ্যাসিডের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়া টেস্ট স্ট্রিপের অভাবে ইনসুলিন পাওয়া গেলেও সঠিক মাত্রা নির্ধারণ করা যাচ্ছে না।
একই পরিস্থিতির শিকার উত্তর গাজার জাবালিয়ার একটি আশ্রয়কেন্দ্রে থাকা ১৫ বছর বয়সী কিশোরী জান্না। আট বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়া জান্নার দিনে ও রাতে দুই ধরনের ইনসুলিন প্রয়োজন হয়। কিন্তু নিয়মিত আয় না থাকায় ৩৬ বছর বয়সী মা আলা গাবানের পক্ষে ৮০ শেকেল দিয়ে ইনসুলিন কেনা কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত ইনসুলিন না থাকায় রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয়ে খাওয়াই কমিয়ে দিয়েছে জান্না, ফলে চার মাসে তার ওজন সাত কেজি কমে গেছে।
আলা বলেন, সে খেতে ভয় পায়, কারণ তার ভয় হয় ঘুম থেকে উঠে হয়তো আর ইনসুলিন পাবে না। সম্প্রতি অপুষ্টি, পানিশূন্যতা, রক্তে উচ্চমাত্রার অ্যাসিড ও লিভার বড় হয়ে যাওয়ার সমস্যা নিয়ে আট দিন হাসপাতালে ভর্তি ছিল জান্না। এর আগে প্রচণ্ড ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যেই নিজের বাড়িতে ফিরে মেয়ের জন্য ইনসুলিন উদ্ধার করে এনেছিলেন আলা। বিদ্যুৎ না থাকায় ইনসুলিন ঠান্ডা রাখাও এখন বড় চ্যালেঞ্জ। মেয়ের অসহায়ত্বের কথা জানিয়ে আলা বলেন, আমার মেয়ে মাঝেমধ্যে নিজের মৃত্যু কামনা করে, কারণ সে আমাদের এই সংগ্রাম এবং আমাকে ক্লান্ত হতে দেখে সহ্য করতে পারে না।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসভিএন