আন্তর্জাতিক
লিবিয়ার বন্দরে জ্বালানি নেয়ার সময় রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার আশঙ্কা

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি নৌঘাঁটি বন্দরে নোঙর করা একটি রুশ জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্ভাব্য ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, রবিবার (২২ নভেম্বর) ভোরে জাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ নেয়ার জন্য বেনগাজি বন্দরে থামলে এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ঘটনাস্থল নিরাপদ করা হয়েছে। তবে এ বিষয়ে মস্কো এখনো কোনো মন্তব্য করেনি।
স্যাটেলাইট চিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, রবিবার ভোরে বেনগাজি বন্দরে জাহাজটিতে আগুন জ্বলছে এবং কয়েক ঘণ্টা পর সেটি আংশিকভাবে ডুবে যায়।
পূর্বাঞ্চলীয় সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি (জিএনএস) জানিয়েছে, একটি সামুদ্রিক চুক্তির আওতায় জাহাজটি বন্দর ব্যবহার করছিল। রুশ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ঘটনার তদন্ত চলছে। হামলার নিন্দা জানিয়ে জিএনএস বলেছে, এটি তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা বাইরের কোনো সংঘাতের সাথে লিবিয়া জড়িত নয়।
অন্যদিকে, ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি (জিএনইউ) বিদেশি বাহিনীকে স্থাপনা ব্যবহারের সুযোগ দেয়ার বিষয়ে সতর্ক করেছে। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড বহির্বিশ্বের সংঘাত সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বন্দর ও বেসামরিক স্থাপনা জড়িয়ে পড়ার ঝুঁকি এবং এর ফলে নাগরিকদের জীবন ও জাতীয় স্থাপনা ও সম্পদের নিরাপত্তার প্রতি হুমকির বিষয়ে গভীর আশঙ্কা তৈরি করে। উল্লেখ্য, মস্কো থেকে বেনগাজির দূরত্ব ২ হাজার কিলোমিটারেরও বেশি।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন