বাংলাদেশ, সারা বাংলা
পিরোজপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এসআরবি-৮-এর গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শাহিন হাওলাদার (৩০) মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার কিশোরী জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। তার বাবা-মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করায় প্রায়ই ছোট ভাইকে নিয়ে বাড়িতে একা থাকত সে। প্রতিবেশী শাহিন হাওলাদার বিভিন্ন সময় তাদের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে টাকা-পয়সা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন তিনি।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট বিকেল ৫টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিজের টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করেন শাহিন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে শাহিনসহ তিনজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা করা হয়।
মামলার পর থেকে শাহিন উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার (২২ নভেম্বর) রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বরিশাল এসআরবি-৮-এর গোয়েন্দা দল।
এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেপ্তারকৃত শাহিন হাওলাদারের নামে একটি ধর্ষণ মামলা রয়েছে। তাকে রবিবার রাতে গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসভিএন