আন্তর্জাতিক
হরমুজে একদিকে জাহাজে আগুন, অন্যদিকে সাঁতার কাটছেন ব্রিটিশ নাগরিক

ইরান যুদ্ধের কারণে পরিবেশের কী ভয়াবহ ক্ষতি হচ্ছে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে তিন দিন সাঁতরে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছেন ব্রিটিশ সাঁতারু লুইস পিউ। জাতিসংঘের সমুদ্রবিষয়ক এই দূত তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের ১৫ কিলোমিটার (৯.৩ মাইল) পথ সাঁতরে অতিক্রম করেন।
লুইস পিউ ফাউন্ডেশন জানিয়েছে, সাঁতার কাটার সময় তিনি বাণিজ্যিক জাহাজে হামলা, দূরে বিস্ফোরণ ও মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যেতে দেখেছেন। প্রথম দিন তার সাঁতারের জায়গা থেকে প্রায় আড়াই মাইল দূরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। দ্বিতীয় দিন তিনি তারা গ্যাস নামের একটি জ্বলন্ত গ্যাসবাহী জাহাজ দেখতে পান এবং জ্বলন্ত অবস্থাতেই জাহাজটির খুব কাছ দিয়ে সাঁতরে যান।
এ বিষয়ে পিউ বলেন, তখন আমার প্রথম চিন্তা ছিল জাহাজে থাকা নাবিকদের নিয়ে। আগুনের শিখা ছিল বিশাল। এসব জাহাজ অত্যন্ত দাহ্য গ্যাস বহন করে এবং এর একটিতে হামলা হলে কেবল ক্রু সদস্যদের জন্যই নয়, বরং আশপাশের সামুদ্রিক পরিবেশের জন্যও ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।
৫৬ বছর বয়সী এই সাঁতারু যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি আবার খুলে দেয়া এবং পরিবেশের ক্ষতি মোকাবিলায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাতে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে সাঁতার কাটলেন। গত মার্চে সংঘাত শুরুর পর তিনিই প্রথম এই প্রণালিতে দীর্ঘপথ সাঁতরেছেন বলে ধারণা করা হচ্ছে। ওমানের মুসান্দাম দ্বীপ থেকে শুরু করে ইরানের ম্যানগ্রোভ বনের পাশ দিয়ে মুসান্দাম উপদ্বীপের উত্তর প্রান্তে কেপ অব হরমুজে গিয়ে তার এই অভিযান শেষ হয়। এ সময় একটি সহায়ক নৌকা ও কায়াক তার সাথে ছিল।
যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে পিউ বলেন, যুদ্ধ মানুষের জন্য সীমাহীন দুর্ভোগ বয়ে আনে। প্রাণহানি ঘটে, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে বাড়িঘর, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আরও একটি ক্ষতির দিক রয়েছে যা খুব কমই নজরে আসে, আর তা হলো প্রকৃতি নিজেই। এবং যুদ্ধ থেমে যাওয়ার পরও এই ক্ষতি দীর্ঘকাল স্থায়ী হতে পারে।
জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ১৭৫টি জাহাজে হামলা হয়েছে এবং প্রায় ৩০টি হামলার কারণে মারাত্মক দূষণ ছড়িয়েছে। হরমুজ প্রণালিতে ডুগং, সামুদ্রিক কচ্ছপ ও তিমি হাঙরের মতো বিরল প্রাণী থাকে। পিউ জানান, তেল ও অন্যান্য দূষণে প্রবাল প্রাচীর, সামুদ্রিক তৃণভূমি এবং ম্যানগ্রোভ বনের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসভিএন