রাজনীতি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে। সংলাপের প্রথম দিনেই আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে সরকারপ্রধানের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেবে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি এবং পরবর্তীতে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে আলাদা বৈঠক করে। মূলত এসব ঘটনার ধারাবাহিকতাতেই আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
সংলাপের বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের চলমান সংকটকালে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে তাঁর দল আলোচনায় বসছে। জানা গেছে, এনসিপির পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এদিকে, প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৭ কিংবা ২৮ নভেম্বর দলটির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
ডিবিসি/পিআরএএন