ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সুদানের রাজধানীতে ড্রোন হামলায় নিহত ৪, ক্ষতিগ্রস্ত জাতিসংঘ ভবন

সুদানের রাজধানীতে ড্রোন হামলায় নিহত ৪, ক্ষতিগ্রস্ত জাতিসংঘ ভবন

আন্তর্জাতিক

সুদানের রাজধানীতে ড্রোন হামলায় নিহত ৪, ক্ষতিগ্রস্ত জাতিসংঘ ভবন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সুদানের রাজধানী খার্তুম ও এর আশপাশে ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন এবং জাতিসংঘের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) ভোরে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারি ভবন ও বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া ড্রোনগুলো সেনাবাহিনী প্রতিহত করার সময় আবাসিক এলাকায় আঘাত হানে।

স্থানীয় সময় রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। নীল নদের ওপারে ওমদুরমান শহরে একটি বাড়িতে ড্রোন আঘাত হানলে তিনজন নিহত ও নয়জন আহত হন। এছাড়া রাজধানীর দক্ষিণে আলাদা হামলায় এক শিশু নিহত হয়েছে।


সুদানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন জানান, কর্মীরা ভেতরে থাকা অবস্থায় তাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক এলাকায় কর্মীদের জীবন ঝুঁকিতে ফেলার এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ।


এদিকে সুদানের সেনাবাহিনীর দাবি, ড্রোনগুলো প্রতিবেশী ইথিওপিয়ার বাহির দার বিমানবন্দর থেকে ছোড়া হয়েছে। তবে ইথিওপিয়া আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। সুদান ইতোমধ্যে এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আফ্রিকান ইউনিয়নে অভিযোগ জানিয়েছে। এছাড়া রবিবার ব্লু নীল রাজ্যে আটক সেনাদের হত্যার অভিযোগও তোলা হয়েছে আরএসএফের বিরুদ্ধে।


সুদান যুদ্ধে দুই পক্ষই এখন ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন। ইউনিসেফ জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হতাহত শিশুদের প্রায় দুই-তৃতীয়াংশই ড্রোন হামলার শিকার। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশটির কিছু অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন