বাংলাদেশ, সারা বাংলা
কুমিল্লায় পুলিশের অভিযানে ৪৮ ঘণ্টায় আটক ৩২৫

কুমিল্লায় অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেয়া হয়।
অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় বাকি ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/এসভিএন