ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

কঙ্গোতে সংঘাতের কারণে ইবোলা চিকিৎসা কার্যক্রম ব্যাহত, শান্তির আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

কঙ্গোতে সংঘাতের কারণে ইবোলা চিকিৎসা কার্যক্রম ব্যাহত, শান্তির আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

আন্তর্জাতিক

কঙ্গোতে সংঘাতের কারণে ইবোলা চিকিৎসা কার্যক্রম ব্যাহত, শান্তির আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩৫ মিনিট আগে

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআরসি) ইবোলার প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ হাজার ৬৭৮ জন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই উপদ্রুত উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে তীব্র সংঘাতের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় শান্তির আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।

গত ১৭ নভেম্বর পর্যন্ত ডব্লিউএইচওর দেয়া তথ্যমতে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি এবং নর্থ কিভু প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কিছু এলাকায় সংক্রমণ সামান্য কমলেও দেশটিতে সামগ্রিকভাবে উচ্চমাত্রার সংক্রমণ অব্যাহত রয়েছে। শরীরের তরলের সংস্পর্শে ছড়ানো এই ভাইরাসটি দেশটির পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে, যা ৩০ বছরেরও বেশি সময় ধরে সহিংসতায় জর্জরিত।


সংঘাতময় পরিস্থিতির কারণে রোগীদের চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়েছে। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস রবিবার জানান, ইতুরি প্রদেশের একটি হাসপাতালের কাছে তীব্র লড়াইয়ের কারণে ইবোলা প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং স্বাস্থ্যকর্মী ও ত্রাণকর্মীরা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে একটি প্রসূতি ওয়ার্ডে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তেদ্রোস বলেন, গতকাল থেকে ইতুরির একটি হাসপাতালের আশপাশে তীব্র লড়াই চলছে, যে এলাকাটির কাছেই প্রথম ইবোলা প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। তিনি আরও বলেন, এই পরিস্থিতির কারণে হাসপাতালের কাজ এবং বৃহত্তর ইবোলা প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হয়েছে, যা রোগী, পরিবার ও স্বাস্থ্যকর্মীদের চরম ঝুঁকির মধ্যে ফেলেছে।


স্বাস্থ্যকর্মীদের নিরাপদে সরিয়ে নিতে এবং হাসপাতালের অবকাঠামো, কর্মী ও রোগীদের সুরক্ষার’ ব্যবস্থা করতে ডব্লিউএইচও কাজ করছে উল্লেখ করে সংস্থাটির প্রধান বলেন, শান্তিই হলো সর্বোত্তম ওষুধ।


এদিকে নভেম্বরের শুরুর দিকে নর্থ কিভুতে আইএসআইএল সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলায় কয়েক ডজন মানুষ নিহত হলে নিশ্চিত ও সন্দেহভাজন ইবোলা রোগীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন। এছাড়া সরকারি বাহিনী এবং রুয়ান্ডা-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এম২৩-এর মধ্যে চলমান সংঘাতের কারণেও দুর্গম অঞ্চলে চিকিৎসা সরঞ্জাম পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন