বাংলাদেশ, সারা বাংলা
সিলেটে সীমান্তবর্তী এলাকা থেকে বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার
.00_00_06_01.Still001.webp)
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে প্লাস্টিক বিস্ফোরক ও নেশাজাতীয় এসকাফ (স্কার্ফ) সিরাপ উদ্ধার করা হয়েছে। আজ (২৩ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল গভীর রাতে সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশের প্রায় ৪০০ গজ অভ্যন্তরে একদল দুষ্কৃতকারী বিস্ফোরকসহ অবস্থান করছিল। এ সময় এসআরবির প্রযুক্তিগত সহায়তায় বিজিবির ডগ স্কোয়াড ইউনিটসহ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং ৭টি সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে এ পর্যন্ত ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।
ডিবিসি/এসভিএন