আন্তর্জাতিক, ভারত
ভারতে সামরিক মহড়া চলাকালে ট্যাংকের নিচে চাপা পড়ে দুই সেনা নিহত

ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় নিয়মিত সামরিক প্রশিক্ষণ মহড়া চলাকালে দুর্ঘটনাবশত ট্যাংকের নিচে চাপা পড়ে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার হিসারের ভোজরাজ গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে রোববার স্থানীয় পুলিশ জানিয়েছে।
নিহত দুই সেনা সদস্য হলেন উত্তর প্রদেশের শামলি জেলার বাসিন্দা নায়েক মনীশ কুমার এবং বদাউন জেলার বাসিন্দা নায়েক অঙ্কুশ কুমার। দুজনই মহড়ার সময় ট্যাংকের সামনের অংশে নির্ধারিত অবস্থানে দায়িত্ব পালন করছিলেন।
হিসার পুলিশের এক মুখপাত্র জানান, শনিবার ওই সামরিক মহড়ায় মোট ৩২টি ট্যাংক অংশ নিয়েছিল। সারিবদ্ধভাবে ট্যাংকগুলো চলার সময় প্রচণ্ড ধুলোবালি উড়ে চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। এ সময় একটি ট্যাংকের চালক সামনে অবস্থানরত ওই দুই সেনা সদস্যকে দেখতে না পাওয়ায় ট্যাংকটি তাঁদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত হিসারের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অঙ্কুশ কুমারের রোববার থেকেই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল এবং দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেও তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। অন্যদিকে, মনীশ কুমারের বাবা রামবীরও একজন সাবেক সেনা সদস্য।
হিসারের পুলিশ সুপার সিদ্ধান্ত জৈন জানিয়েছেন, উভয় সেনার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ডিবিসি/পিআরএএন