আন্তর্জাতিক, ভারত
ভারতে ২০১৮ সালের মানহানি মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রইস খান ২০১৮ সালের একটি মানহানির মামলায় এ পরোয়ানা জারি করেন। রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও নিয়ে মামলাটি করেন বিকাশ সংস্কৃত্যায়ন। তিনি বিকাশ পাণ্ডে নামেও পরিচিত। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবারের আদেশের বিস্তারিত প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পাওয়া যায়নি।
মামলার সূত্রপাত ২০১৮ সালে। সে বছর রাঠি তার ইউটিউব চ্যানেলে পাণ্ডেকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তার মানহানি হয়েছে বলে অভিযোগ করেন পাণ্ডে। আদালত এর আগে উল্লেখ করেছিলেন, এ মামলায় রাঠিকে প্রথম সমন পাঠানো হয় ২০১৯ সালের জুলাইয়ে।
গত ১৭ অক্টোবর আদালতে নোটিশ জারির চেষ্টার কথা জানান দায়িত্বপ্রাপ্ত কর্মী। তার প্রতিবেদনে বলা হয়, রাঠির বাড়িতে নোটিশ পৌঁছে দিতে গিয়ে তিনি দরজায় তালা দেখতে পান। ওই দিন আদালত রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি হরিয়ানার গুরুগ্রামে রাঠির ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশও দেন।
রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, তার মক্কেল সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন।
এরপর ৩১ অক্টোবর আদালত রাঠির বিরুদ্ধে আবারও জামিনযোগ্য পরোয়ানা জারি করেন। অক্টোবরে দুই দফায় জামিনযোগ্য পরোয়ানা জারির পর ২৩ নভেম্বর একই মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল