ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ময়মনসিংহে ১০২ বোতল মদ-বিয়ারসহ দুই ভাই গ্রেপ্তার

ময়মনসিংহে ১০২ বোতল মদ-বিয়ারসহ দুই ভাই গ্রেপ্তার

সারা বাংলা

ময়মনসিংহে ১০২ বোতল মদ-বিয়ারসহ দুই ভাই গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাদের বসতবাড়ি থেকে ৯৬ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল ভারতীয় বিয়ারসহ মোট ১০২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামে গ্রেপ্তার ব্যক্তিদের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেদীকুড়া গ্রামের আব্দুল খালেক ও ঝরনা খাতুনের ছেলে আজিজুল হক (২৩) ও হাবিল (২৮)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আজিজুল হকের বসতঘরের মাচার নিচে রাখা ৮টি বস্তা থেকে ৮০ বোতল ভারতীয় ‘আইকনিক হোয়াইট’ মদ উদ্ধার করা হয়।

 

এ ছাড়া হাবিলের বসতঘরের সামনের লাকড়ির নিচে রাখা দুটি বস্তা থেকে আরও ১৬ বোতল একই ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে হাবিলের দেখানো মতে একটি বস্তা থেকে ৬ বোতল ‘কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম বিয়ার’ উদ্ধার করে পুলিশ।

 

সব মিলিয়ে অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

 

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই হারুন, এসআই আজিজুল হাসানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধোবাউড়া থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে। একই সঙ্গে তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ময়মনসিংহ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন