ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে বোতলজাত পানি বিসলেরিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান শনাক্ত

ভারতে বোতলজাত পানি বিসলেরিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান শনাক্ত

আন্তর্জাতিক, ভারত

ভারতে বোতলজাত পানি বিসলেরিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতের গোয়ায় বিসলেরির একটি কারখানা থেকে সংগ্রহ করা বোতলজাত পানির এক নমুনা অনিরাপদ ঘোষণা করেছে দেশটির খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। ওই নমুনা নিয়ে বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দিয়েছে সংস্থাটি। এদিকে ভারতজুড়ে অন্য ব্র্যান্ডের বোতলজাত পানির নমুনাও পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। বিসলেরি পরীক্ষার ফল নিয়ে আপত্তি জানিয়েছে।

বিসলেরির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর গোয়ার কারখানাটি থেকে ছয়টি নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা মানসম্মত ছিল। একটিতে প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়। ভারতে অনুমোদিত সীমা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম। কোম্পানির আপিলের পর অন্য একটি পরীক্ষাগারে পুনঃপরীক্ষায় ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার মধ্যেই ছিল। তবে ওই পরীক্ষায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ) শনাক্ত হয়।


পানি জীবাণুমুক্ত করতে ব্যবহৃত ওজোনের সঙ্গে পানিতে থাকা ব্রোমাইডের বিক্রিয়ায় ব্রোমেট তৈরি হতে পারে। প্রাণীর ওপর গবেষণায় দীর্ঘমেয়াদি ব্রোমেট গ্রহণের সঙ্গে কিডনিতে টিউমার হওয়ার সম্পর্ক পাওয়া গেছে। পিএএইচ গোত্রের কিছু যৌগ মানুষের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তবে নমুনায় কোন যৌগ কত মাত্রায় পাওয়া গেছে, তা প্রকাশ করা হয়নি। ফলে ওই পানি পানে স্বাস্থ্যঝুঁকি কতটা, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।


বিসলেরি জানিয়েছে, নমুনাটি ছিল একটি নির্দিষ্ট ব্যাচের। কোম্পানির দাবি, তাদের পানি নিরাপদ এবং মামলা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নোটিশ তারা পায়নি। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতে বিসলেরির পানির ওপর দেশব্যাপী কোনো নিষেধাজ্ঞা নেই। ভ্রমণকারীদের বিশ্বস্ত দোকান থেকে বোতল কেনার সময় ছিপির সিল, ব্যাচ নম্বর ও মেয়াদ দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন