সারা বাংলা
ফরিদপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাবার, ছেলে পুলিশ হেফাজতে

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে আসমান হাওলাদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে নিহতের ছেলে সুজন হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চর চান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আসমান হাওলাদারের বসতঘরে আগুন দেখতে পান প্রতিবেশীরা। এ সময় ঘরের ভেতরে থাকা পক্ষাঘাতগ্রস্ত আসমান হাওলাদার বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
এদিকে সোমবার সকালে নিহতের ছেলে সুজন হাওলাদার বাড়িতে এলে প্রতিবেশীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, সুজন হাওলাদারের চতুর্থ বিয়ে নিয়ে তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রাতে বসতঘরে আগুন দিয়ে সুজন পালিয়ে যান বলে তাঁদের দাবি।
পুলিশ জানিয়েছে, বসতঘরে আগুন দেওয়া ও বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুজন হাওলাদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবিসি/আরএসএল