ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

আফগানিস্তানে চলতি বছর মাইন ও গোলাবারুদ বিস্ফোরণে প্রাণ গেছে ১৮৯ শিশুর

আফগানিস্তানে চলতি বছর মাইন ও গোলাবারুদ বিস্ফোরণে প্রাণ গেছে ১৮৯ শিশুর

আন্তর্জাতিক, এশিয়া

আফগানিস্তানে চলতি বছর মাইন ও গোলাবারুদ বিস্ফোরণে প্রাণ গেছে ১৮৯ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

আফগানিস্তানে চলতি বছরের শুরু থেকে স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে অন্তত ২৫৭ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮৯ জনই শিশু। সর্বশেষ রবিবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে এক বিস্ফোরণে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সোমবার জানান, বছরের শুরু থেকে দেশজুড়ে এসব বিস্ফোরণে মোট ৩৪৪ জন হতাহত হয়েছেন। কর্তৃপক্ষের পরিসংখ্যান উদ্ধৃত করে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, আহত ৮৭ জনের মধ্যে ৭৩ জন শিশু। সব মিলিয়ে নিহত ও আহত প্রতি চারজনের মধ্যে তিনজনের বেশি শিশু।


ফারিয়াব প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল্লাহ মুরাদির বরাত দিয়ে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া সোমবার জানিয়েছে, রবিবার সন্ধ্যায় শিরিন তাগাব জেলায় একটি অবিস্ফোরিত বিস্ফোরক ফেটে যায়। এতে ওই নারী ও শিশুটি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।


টোলো নিউজের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ৯০০ বর্গকিলোমিটারের বেশি এলাকায় এখনো স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ রয়ে গেছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বামিয়ানের পর দেশের দ্বিতীয় প্রদেশ হিসেবে সার-ই-পুল থেকে যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক পুরোপুরি অপসারণ করা হয়েছে।


২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর ওই বছরের অক্টোবরে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এতে তৎকালীন তালেবান সরকারের পতন হয়। এরপর প্রায় দুই দশক ধরে যুদ্ধ চলে। ২০২১ সালের আগস্টে তালেবান আবার ক্ষমতায় ফেরে। একই মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের শেষ সেনাদল প্রত্যাহারের মধ্য দিয়ে দেশটির ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন