ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চট্টগ্রামে স্নাতকে ভর্তির কাগজ জমা দিতে বের হয়ে প্রাণ হারাল দিলশাত

চট্টগ্রামে স্নাতকে ভর্তির কাগজ জমা দিতে বের হয়ে প্রাণ হারাল দিলশাত

সারা বাংলা

চট্টগ্রামে স্নাতকে ভর্তির কাগজ জমা দিতে বের হয়ে প্রাণ হারাল দিলশাত

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫১ মিনিট আগে

আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল ১৯ বছর বয়সী মিফতাহুল জান্নাত দিলশাতের। উচ্চমাধ্যমিকে জিপিএ-৪.৫০ পেয়ে স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। বাড়ি থেকে বের হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (২৩ নভেম্বর) ভোরে মারা যান দিলশাত।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার রাজছিলা মাজারের সামনে গত মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

 

দুর্ঘটনার পর প্রথমে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসকদের চেষ্টা এবং স্বজনদের অপেক্ষা কোনোটিই শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি।

 

নিহত মিফতাহুল জান্নাত দিলশাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত আনিসুজ্জামান ও মা রিজিয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। পড়াশোনার জন্য মাঝেমধ্যে আনোয়ারার উত্তর চাতরী এলাকায় নানার বাড়িতে থাকতেন।

 

দিলশাতের মামা হারুনুর রশিদ বলেন, স্নাতকে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন তার ভাগনি। দুর্ঘটনার পর থেকে চিকিৎসার পেছনে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার ভোরে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেলচালক একবারও হাসপাতালে এসে খোঁজ নেননি বলেও অভিযোগ করেন তিনি।

 

হারুনুর রশিদ আরও বলেন, দিলশাতের বাবা নেই। অনেক কষ্ট করে তাকে বড় করা হয়েছে। মেয়েটিকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

 

এদিকে মেয়ের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন মা রিজিয়া বেগম। স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও সামলাতে পারছেন না। মেয়ের কথা বলতে গিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি।

 

সোমবার আসরের নামাজের পর পটিয়ায় গ্রামের বাড়িতে দিলশাতের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো স্বজনেরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন