জাতীয়
মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।
মাহদী আমিন বলেন, ‘আমরা চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা সবাই কাঁধে-কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করব।’
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বৈঠকে দেশের মানুষের স্বার্থ ও জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের বাইরে অবস্থান করেও যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আজকের মতবিনিময়ের মাধ্যমে সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।’
২৪ এর গণঅভ্যূত্থানের সময়কার স্মৃতিচারণ করে মাহদী আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তারা এমন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। আজকের বৈঠকে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।
মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানবাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন ঘটিয়ে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন।
এনসিপির সঙ্গে নতুন করে ঐক্য গঠনের কোনো বিষয় রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তখন কেউ কার রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনা করেনি। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।
রাষ্ট্রের মালিক একমাত্র জনগণ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ-এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষের মধ্যে ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সরকার সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায়।
ডিবিসি/আরএসএল