ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

প্রথমবার জাপানে তাজা গোলার মহড়ায় মার্কিন হেলিকপ্টার

প্রথমবার জাপানে তাজা গোলার মহড়ায় মার্কিন হেলিকপ্টার

আন্তর্জাতিক, আমেরিকা

প্রথমবার জাপানে তাজা গোলার মহড়ায় মার্কিন হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২৪ মিনিট আগে

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী প্রথমবারের মতো তাজা গোলা ব্যবহার করে মহড়ায় অংশ নিতে জাপানে হেলিকপ্টার পাঠিয়েছে। জাপানের শিজুওকা প্রিফেকচারের ক্যাম্প ফুজির সমন্বিত সামরিক প্রশিক্ষণকেন্দ্রে এ মহড়া হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ।

মহড়ার জন্য পাঠানো হয়েছে এএইচ-৬৪ই অ্যাপাচি, ইউএইচ-৬০ ব্ল্যাক হক ও সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার। তিন ধরনের হেলিকপ্টারই মার্কিন সেনাবাহিনীর দ্বিতীয় পদাতিক ডিভিশনের দ্বিতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেডের অধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী এই প্রথম জাপানে মহড়ার জন্য হেলিকপ্টার পাঠানোর ঘটনাকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। বাহিনীটি জানিয়েছে, এর লক্ষ্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করা।


অ্যাপাচি মূলত সাঁজোয়া যান ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। ব্ল্যাক হকে সেনা ও রসদ পরিবহনের পাশাপাশি আহতদের সরিয়ে নেওয়া হয়। ভারী সরঞ্জাম ও কামান বহনের জন্য তৈরি চিনুক একসঙ্গে বেশি সংখ্যক সেনাও পরিবহন করতে পারে।


দক্ষিণ কোরিয়ায় মোতায়েন সেনাদের প্রয়োজনে কোরীয় উপদ্বীপের বাইরেও কাজে লাগানোর সুযোগ বাড়াতে চায় ওয়াশিংটন। এর ফলে চীনকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায়ও এসব সেনার ভূমিকা বাড়তে পারে। এরই মধ্যে জাপানে মহড়ার জন্য হেলিকপ্টার পাঠানো হলো।


ইয়োনহাপ আরও জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে দক্ষিণ কোরিয়ার সামরিক প্রশিক্ষণকেন্দ্রগুলোতে তাজা গোলা ব্যবহার করে মহড়া চালাতে অসুবিধা হচ্ছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দক্ষিণ কোরিয়া ও জাপান উভয়েই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক মিত্র। দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩৯ হাজার এবং জাপানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন